যশোরে হিজড়া খুনের অভিযোগে বন্ধু গ্রেপ্তার


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৫:৩১ পূর্বাহ্ন
যশোরে হিজড়া খুনের অভিযোগে বন্ধু গ্রেপ্তার

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মঙ্গলি খাতুন পলি নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় রমজান আলী বাবু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (২৯ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে হত্যার কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার হয়েছে। ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, বাবু বলেছে, পলির সঙ্গে বাবুর বন্ধুত্বের সম্পর্ক ছিল।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ৯টার দিকে পলির বাড়িতে যায় বাবু। পলি ঘুমানোর পর চুরি করতে গেলে ধরা পড়লে ছুরি দিয়ে কুপিয়ে পলিকে হত্যা করে।

এসআই মফিজুল ইসলাম বলেন, পলিকে হত্যা করে চুরির মালামাল নিয়ে যশোর শহরে পালিয়ে যায় বাবু। পলির মোবাইলে পাওয়া বাবুর ফোন নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মণিরামপুরের খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর সন্তান পলি। বেশ কয়েক বছর ধরে বাবার ভিটা ছেড়ে মাছনা মোড়ল পাড়ায় একাই থাকতেন পলি। আর বাবু মণিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ১১টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে পলির মরদেহ উদ্ধার করেছে।

এই ঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে মণিরামপুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন।