
আজকের কণ্ঠস্বর ডেস্ক : এইচএসসি পরীক্ষা শুরু আজ। সকাল ১০টায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে। তবে বন্যার কারণে সিলেট এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব বোর্ডে ৯ জুলাই থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথারীতি হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগে এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু করা হলেও করোনার কারণে ঠিক সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে এপ্রিলেই এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শনিবার থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এবারের এইচএসসিতে সব মিলিয়ে অংশ নেবে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী। মোট ২ হাজার ৭২৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এবারের এইচএসসি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ ও ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় অংশ নেবে মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ ও ছাত্রী ৪০ হাজার ৪৮৪ জন। ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ৪৫২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে।
সেই সঙ্গে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা (কারিগরি) বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থী ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন ও ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা ৭০৭টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এবার পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্ট্রারে লিখে ঐ দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :