জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছে না আসামিরা


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ৫:৪৯ পূর্বাহ্ন
জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছে না আসামিরা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান হত্যামামলার আসামিরা জামিন পেয়েও বাড়ি ফিরতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের পরিবার ও অনুসারীদের ভয়ে আসামি ও তাদের পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া।

হত্যামামলার আসামি মঙ্গলজাটা গ্রামের সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপন পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামে মামার বাড়িতে শুক্রবার (২৮ জুন) সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখনো বাড়ি ফিরতে পারছি না। বাদী পক্ষের লোকজন আমাকে খুন করে মোস্তফা খুনের প্রতিশোধ নেবে। তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিচ্ছে। এতে আমাদের পরিবার ও আত্মীয়স্বজনসহ অর্ধশতাধিক পরিবারের তিন শতাধিক লোক এখনো বাড়ি ছাড়া। ঈদে আমাদের পরিবারের সদস্যরা কোরবানী তো দূরে, এক টুকরো মাংস রান্না করেও সন্তানদের মুখে তুলে দিতে পারেনি।

জানা গেছে, ১০ মে রাতে অজ্ঞাতনামা দুবৃত্তদের গুলিতে মারা যান সিকদার মোস্তফা কামাল । এ ঘটনার পর মোস্তফা পক্ষের লোকজন ৫০টি বাড়ী ভাঙচুর চালায়। হত্যার ঘটনায় মোস্তফার ভাই রিজাউল শিকদার বাদী হয়ে ৩০ জনের নামে ও অজ্ঞাতনাম আরো ৫/৬ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে ২৩ জন আসামি জামিনে আছেন ।

এ বিষয়ে লিপন মেম্বার আরো বলেন, ‘আমাদের পরিবারের নারীরা গত কয়েকদিন আগে পুলিশের উপস্থিতিতে বাড়িতে উঠতে গেলে মোস্তফার ভাই জিয়াউর, রিজাউলের ভাগ্নে শাহাজাদা, ভগ্নিপতি আকবারসহ তার লোকজন বাধা দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে। হামলার ভয়ে অর্ধশতাধিক পরিবার লোকজন বাড়িঘর ফেলে দুই মাস ধরে অন্যত্র বসবাস করছে।’

বাদীর ভাই শাহাদত শিকদার জানান, আসামি পক্ষের লোকজনকে বাড়িঘরে উঠতে কোনো বাধা দেওয়া হয়নি। বাড়ি ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, তারা নিজের ইচ্ছায় বাড়িঘর ছেড়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ওই এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে।

কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না।