তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র পরিচালনায় দেশের আসল মালিক জনগণ


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র পরিচালনায় দেশের আসল মালিক জনগণ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, উন্নয়ন কোনো একপাক্ষিক বিষয় নয়। এটি একটি যৌথ প্রচেষ্টা। সরকারের বা কেডিএ’র একার পক্ষে একটি সুন্দর ও বাসযোগ্য শহরায়ন উপহার দেওয়া সম্ভব নয়, যদি না সবাই পাশে থাকেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র পরিচালনায় প্রতীয়মান হয়েছে যে এই দেশের আসল মালিক জনগন। জনগনের মতামত, পরামর্শ এবং প্রশাসনিক নিয়ম মেনে চলার মানসিকতাই পারে বৃহত্তর খুলনাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব মডেল বাসস্থানে পরিণত করতে।
গতকাল সোমবার বিকেলে বাগেরহাট সদর এবং রাতে মোংলা উপজেলায় পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্লান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে কেডিএ এ কর্মসূচি হাতে নিয়েছে। কেডিএ মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য তুলে ধরে চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেন, কৃষি জমি রক্ষা করে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প এলাকার সঠিক বিন্যাস নিশ্চিত করতে হবে। বৃহত্তর খুলনা অঞ্চলের প্রধান সড়কগুলোর প্রশস্তকরণ, বাইপাস রোড তৈরি এবং ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করা যাতে জলাবদ্ধতা নিরসন হয়। বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলোর নান্দনিকতা রক্ষা করে পরিবেশবান্ধব গ্রীন জোন ও পার্ক গড়ে তুলতে হবে।

কেডিএ’র সেবা সম্পর্কে আলোচনায় কেডিএ চেয়ারম্যান মনা বলেন, অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে কেডিএ’র সেবা পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই আমরা কেডিএ কে একটি সম্পূর্ণ নাগরিকবান্ধব ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করছি। এখন থেকে ভবন নির্মাণের নকশা অনুমোদনসহ বিভিন্ন আবেদন প্রক্রিয়াকে সহজ ও সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে, যাতে আপনাকে অযথা অফিসে দৌড়-ঝাঁপ করতে না হয়।

বাগেরহাটে প্রথমবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সেবা ও মাস্টার প্লান সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবা উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার জাহিদ প্রমুখ।

দুই ঘন্টাব্যাপী সভায় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন। কেডিএ’র পক্ষ থেকে তাদের সেবা ও মাস্টার প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সচিত্র প্রতিবেদনে দেখানো হয়। মতবিনিময় সভায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বাগেরহাট পৌরসভা, ষাটগম্বুজ ইউনিয়নসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেডিএ‘র মাস্টার প্লানের অন্তর্ভুক্ত করার দাবি জানান। সেই সাথে অবহেলিত এই জেলার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও পানি সংকট নিরসনে কেডিএকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান অংশীজনরা।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সাধারণ মানুষের পক্ষ থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আশরাফউদ্দৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, সাংবাদিক ইয়ামিন আলী, এস এস সোহান প্রমুখ।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বলেন যোগাযোগ ব্যবস্থা, পৌরসভার অবকাঠামো একেবারে ভেঙ্গে পড়েছে। মশা, সুপেয় পানির অভাব অসনীয় পর্যায়ে চলে গেছে। এই অবস্থায় কেডিএ আমাদের কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। তারা পানির সমস্যা ও আবাসন ব্যবস্থা বিনির্মাণের জন্য উন্নয়ন অংশীদার হওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, তার সফল বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহŸান জানান তিনি।

বাগেরহাটবাসী চাইলে প্রশস্ত সড়ক, আবাসিক ব্যবস্থা নির্মাণের পাশাপাশি সুপেয় পানির সংকট পূরণে প্লান্ট নির্মাণ করা হবে বলে জানান কেডিএ‘র চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায়। খুলনাকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনার লক্ষ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা, যশোরের পাশাপাশি বাগেরহাটের ফকিরহাট, সদর উপজেলা, রামপাল ও মোংলা উপজেলার একাংশের উন্নয়নে কাজ করে।

মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ জুলফিকার আলীর সভাপতিত্বে রাতে অনুরুপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিএ’র সেবা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) কাজী মোঃ সাবিরুল আলম। মাস্টারপ্লান তুলে ধরেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ। এ দু’টি কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।