শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নেয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।

স্বাক্ষর শেষে নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে ভোট দেন ৩৪৩ জন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।