২০২৪ সালে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আনহেল ডি মারিয়া। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা এবার ক্লাব ফুটবল থেকেও অবসরের ইঙ্গিত দিলেন। কোপা লিবার্তাদোরেস থেকে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল ছিটকে যাওয়ার পর হতাশায় এমনটাই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই উইঙ্গার।
কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রোজারিও সেন্ট্রাল। দেড় যুগের ইউরোপ অধ্যায় চুকিয়ে গত বছর ‘ঘরের ছেলে’ হয়ে রোজারিওতে ফেরা দি মারিয়ার শৈশবের ক্লাবের জার্সিতে মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জেতার স্বপ্ন ছিল, যা এই হারের ফলে অধরাই রয়ে গেল।
টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে নিজের হতাশার কথা জানান ডি মারিয়া। তিনি বলেন, ‘এটা খুব কঠিন একটা মুহূর্ত, সত্যিই কঠিন এক সময়। কারণ আমার স্বপ্নটা অন্যরকম ছিল, ইচ্ছে ছিল আরও এগিয়ে যাওয়ার। কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে সামনে কী করতে চাই।’
ম্যাচের ৮০ মিনিটে ব্রেনো বিদনোর গোলে জয় পায় করিন্থিয়ান্স। অথচ, ৫৮ মিনিটে রানিয়েলে লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু প্রতিপক্ষকে বাগে পেয়েও জিততে পারেনি রোজারিও সেন্ট্রাল। এমন সুযোগ হাতছাড়া করে আক্ষেপও প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার।
ফক্স স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, ‘আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটা তেমন হয়নি। আমরা অনেক লড়াই করেছি, কিন্তু যেসব সুযোগ পেয়েছিলাম সেগুলো গোলে পরিণত করতে পারিনি। প্রথম লেগেই আমরা পার্থক্য গড়তে পারতাম। কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন তারা একজন খেলোয়াড় কম নিয়েও আমাদের বিপক্ষে গোল করল… মাঝে মাঝে সবকিছু নিজের মনের মতো হয় না, আর আজ আমাদের সঙ্গে ঠিক সেটাই ঘটেছে।’
গত জুনে রোজারিও সেন্ট্রালের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ালেও, এই হারের পর তার বুটজোড়া তুলে রাখার গুঞ্জন জোরালো হয়েছে। ১৮ বছরের বর্ণাঢ্য ইউরোপ অধ্যায় শেষে গত বছর ঘরের ক্লাবে ফিরে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ১৪ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
আপনার মতামত লিখুন :