
রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে খুলনার নগরীর মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাওলাদার আরশাদ আলীর মেয়ে। তিনি খুলনা নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গৃহস্থালি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, দুর্ঘটনার পর গড়াই পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল।
আপনার মতামত লিখুন :