
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরেক কর্মকর্তা আফেক মস্কোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে অনুরোধ জানিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগ ও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় থাকা আন্দোলনকর্মীদের ওপর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হামলাসংক্রান্ত শুনানির সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তুর্কি বিচারমন্ত্রী বলেন, ‘গণহত্যার অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচের বিরুদ্ধে গত ১৪ জুলাই জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে, আমাদের আইন মন্ত্রণালয় তাদের আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট নথিগুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।’
নেতানিয়াহু ও মস্কোভিচ মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতর বেআইনি স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন ও দুর্ব্যবহার, সম্পত্তির ক্ষতিসাধন, গুরুতর ডাকাতি এবং যানবাহন ছিনতাই বা দখলের অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন। এসব অভিযোগ আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপ এবং এর ফলস্বরূপ কর্মীদের আটক করার ঘটনার সঙ্গে সম্পর্কিত।
আঙ্কারার এই আইনি পদক্ষেপের নেপথ্যে সিরিয়া সীমান্তে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে উত্তর সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পরই তুরস্ক এই সিদ্ধান্ত ত্বরান্বিত করে। বিমানঘাঁটিতে তুর্কি সেনাদের অবস্থান তৈরি হচ্ছে এমন অভিযোগে ইসরায়েল এ হামলা চালালেও তুরস্ক ও সিরিয়া ঘাঁটিতে সামরিক উপস্থিতির কথা অস্বীকার করেছে।
এদিকে তুরস্কের এই সিদ্ধান্তের বিপরীতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল তার নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করবে না এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের উচিত ইসরায়েলবিরোধী মনোভাব সংযত রাখা। অবশ্য যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইসরায়েল, তুরস্ক ও সিরিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনে একটি মধ্যস্থতা বা সংঘাত নিরসন ব্যবস্থা নিয়ে কাজ করছে।
আপনার মতামত লিখুন :